চার প্রশাসনিক প্রধানকে দেওয়া হলো স্মারকলিপি
নিজস্ব প্রতিনিধি, হুগলী:
আসন্ন উৎসবের মরশুমের মুখেই বেআইনি বাজি ও সাউন্ড সিস্টেমের উপদ্রব বন্ধ করতে প্রশাসনের দরজায় কড়া নাড়ল ‘বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ’। সম্প্রতি হুগলী জেলাশাসক, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, হুগলী গ্রামীণ পুলিশের সুপার এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র রিজিওনাল ইঞ্জিনিয়ারের কাছে লিখিত আবেদন জানিয়ে বেআইনি শব্দবাজি ও ডিজে বক্স পুরোপুরি নিষিদ্ধ করার জোরালো দাবি তুলেছে এই সংগঠন।

মঞ্চের অভিযোগ, সুপ্রিম কোর্টের তোয়াক্কা না করেই সারা বছর জুড়ে জেলার অলিতে-গলিতে চলে বাজির তাণ্ডব। পুজো-পার্বণ কিংবা খেলার ময়দান— শব্দবাজির দৌরাত্ম্য সর্বত্র। এমনকি অনুষ্ঠান বাড়িগুলিতেও অবাধে ফাটানো হচ্ছে বাজি, প্রকাশ্যে বিকোচ্ছে নিষিদ্ধ বাজি। বেগমপুর, হরিপাল, খানাকুল, পাণ্ডুয়া কিংবা ডানকুনির মতো এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বাজি কারখানা। অথচ অভিযোগ, উৎসবের মুখে কিছু বাজি বাজেয়াপ্ত করার মধ্যেই প্রশাসনিক তৎপরতা সীমাবদ্ধ থাকে, মূল কারখানাগুলির বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না। ফলে কোনো সামাজিক সুরক্ষা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালাতে বাধ্য হন শ্রমিকরা।
ডিজে বা জেবিএল বক্সের দৌরাত্ম্য নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছে সংগঠনটি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি অনুযায়ী জনস্থানে ডিজে পুরোপুরি নিষিদ্ধ হলেও, গণেশ ও বিশ্বকর্মা পুজো থেকেই বিভিন্ন এলাকায় তার তাণ্ডব শুরু হয়ে গেছে। পিকনিকের মরশুমেও একই ছবির পুনরাবৃত্তি ঘটে।

মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার ক্ষোভ প্রকাশ করে জানান, “কালীপুজো, ছটপুজো, বড়দিন বা বর্ষবরণের মতো বিশেষ কয়েকটা দিনে নির্দিষ্ট সময়ের জন্য শুধু ‘সবুজ বাজি’ (Green Crackers) পোড়ানোর অনুমতি রয়েছে। কিন্তু বাস্তবে সারা বছরই নিয়ম ভেঙে বাজি আর ডিজে বাজানো হচ্ছে। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক— সব ধরনের মিছিলেই অতিষ্ঠ জনজীবন। মানুষ যাতে শান্তিতে উৎসব পালন করতে পারেন, সেই কারণেই আমরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।”
সংগঠনের সহ-সম্পাদক শুভ্রকান্তি সামন্তের মতে, “শব্দ ও বায়ুদূষণ শুধু মানুষের নয়, পশুপাখি এবং সার্বিক পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। জনস্বার্থে অবিলম্বে এই সব বেআইনি তাণ্ডব কঠোর হাতে দমন করা প্রয়োজন।”
উৎসবের দিনগুলোতে এই বেআইনি তাণ্ডব রুখতে জেলা প্রশাসন ও পুলিশ শেষ পর্যন্ত কতটা কঠোর পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

follow us – Newspaper / facebook page/website
