পরিত্যাক্ত টাটার কারখানা চত্বরে বিশ্বকর্মা পুজোয় উপস্থিত শিল্পমন্ত্রী তাপস রায়
সৌরভ আদক, সিঙ্গুর:
দীর্ঘ প্রতীক্ষার পর ফের শিল্পের আলোচনায় সিঙ্গুর। যে জমিতে একসময় টাটার প্রস্তাবিত ন্যানো কারখানা গড়ে ওঠার কথা ছিল, সেই কারখানা চত্বরেই এবার অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো। টাটার কারখানার পুরনো কাঠামোর ধ্বংসাবশেষের মধ্যেই এই পুজো ঘিরে নতুন করে তৈরি হয়েছে শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা।

‘সিঙ্গুর কৃষক শিল্প সমন্বয় পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল করা হয়েছে শহিদ স্মৃতিস্তম্ভের সামনে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তপস রায়ের উপস্থিতি ঘিরেও বাড়তি আগ্রহ তৈরি হয়।
সিঙ্গুরের বিধায়ক চিকিৎসক অরূপ কুমার দাসের বক্তব্যেও উঠে এসেছে শিল্প ফেরার প্রসঙ্গ। তাঁর দাবি, বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে যেন সিঙ্গুরে ফের শিল্পের পরিবেশ তৈরির বার্তা পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, শিল্পমন্ত্রী তপস রায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে শিল্প ও বিনিয়োগ ফেরানোর বিষয়ে কাজ করছে এবং টাটাসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনার কথাও বলেছেন।

ফলে টাটার সেই পুরনো কারখানা চত্বরে বিশ্বকর্মার আরাধনা ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন—সিঙ্গুর কি আবার নতুন করে শিল্পের পথে হাঁটবে?
তবে এই পুজোকে শিল্পপ্রকল্প ফেরার আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে না দেখে, শিল্প নিয়ে নতুন প্রত্যাশা ও রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতেই দেখা হচ্ছে।

follow us on Newspaper/Facebook page/Website
