লোকাল ট্রেনে জনসংযোগ সারলেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য্য
অরূপ সাহা :
সকাল সকাল আজ অভিনব কায়দায় লোকাল ট্রেনে জনসংযোগ সারলেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য্য। সকাল ৮:৪০ মিঃ এর শ্রীরামপুর লোকালে উঠে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন । বিজেপি প্রার্থী কে এইভাবে লোকাল ট্রেনে পেয়ে খুশি যাত্রীরাও । সকলের সঙ্গে এদিন গল্পগুজবে মেতে ওঠেন ভাস্কর ভট্টাচার্য্য। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও । মহিলা কর্মীরা লেডিস কম্পার্টমেন্টে উঠে সকলের কাছে বিজেপির প্রচারপত্র বিলি করেন এবং বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য্যকে ভোট দেওয়ার আবেদন জানান।

ভাস্করবাবু এদিন বলেন, এই কদিনের মধ্যে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের সব জায়গায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করে উঠতে পারিনি। তাই ভাবলাম, শ্রীরামপুর লোকালে সকালবেলায় বেশিরভাগই শ্রীরামপুরের মানুষ তার কর্মস্থলে যান। এই সময় সকলের সঙ্গে দেখা করে জনসংযোগ সারলাম। সাধারণ মানুষ এইভাবে লোকাল ট্রেনে বিজেপি প্রার্থীকে পেয়ে যথেষ্টই খুশি।

