রাখী সাহা, উত্তরপাড়া:
উত্তরপাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমের দোতলার জানলা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলার অভিযোগ উঠল এক নাবালিকা মায়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকার পরিবারের দাবি মেয়েটি যে সন্তানসম্ভবা ছিল তা তারা ঘুনাক্ষরেও টের পাননি। প্রচন্ড পেটের যন্ত্রণা হওয়ায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাওড়ার বাসিন্দা ওই নাবালিকাকে উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, আজ সকালে ওই নাবালিকা নিজেই হেঁটে শৌচাগারে যান। সেখানেই তিনি একটি সন্তানের জন্ম দেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, সন্তান প্রসবের পরই নার্সিংহোমের দোতলার জানলা দিয়ে সদ্যোজাতকে বাইরে ছুড়ে ফেলে দেন তিনি। স্থানীয় এক যুবকের দাবি , তিনি সেই সময় ঐ স্থানে কাজ করছিলেন । হঠাৎ কিছু পড়ার শব্দ শুনে তিনি এগিয়ে গিয়ে দেখেন এক সদ্যজাত শিশু। এরপরেই তড়িঘড়ি নার্সিংহোম থেকে একজন নেমে এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান।
ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঐ বেসরকারি নার্সিংহোমে। কী কারণে এমন ঘটনা ঘটল, এবং ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ওঠার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গোটা ঘটনায় নার্সিংহোমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

follow us: facebook page/website/Newspaper
