আশ্রয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে খবর পেয়ে গরুটিকে উদ্ধার করে দমকলের লোকজন
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর:
শ্রীরামপুরের বড়বাগান এলাকায় বড়সড় নিকাশি নালায় পড়ে বিপাকে পড়ল একটি মধ্যবয়সী গরু। নালার স্রোতে ভেসে গিয়ে একটি কালভার্টের কাছে আটকে যায় গরুটি। জলের মধ্যে গলা পর্যন্ত ডুবে আতঙ্কে চিৎকার করতে থাকে সেটি।
ঘটনাটি নজরে আসে আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গৌতম সরকারের। তিনি দ্রুত শ্রীরামপুর ফায়ার স্টেশনের ওসিকে খবর দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ। শেষ পর্যন্ত নিরাপদেই গরুটিকে নিকাশি নালা থেকে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পর গৌতম সরকার বলেন, “নর্দমাটি যথেষ্ট বড়। অথচ রাস্তার পাশের এই নর্দমার ধারে কোনও রেলিং বা পাঁচিল নেই। ফলে শুধু পশু নয়, যে কোনও সময় মানুষও দুর্ঘটনার শিকার হতে পারেন।”
তাঁর দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুরসভার তরফে দ্রুত নর্দমাটির পাশে নিরাপত্তা পাঁচিল অথবা রেলিং তৈরি করা প্রয়োজন। এদিনের ঘটনায় গরুটি প্রাণে বেঁচে গেলেও ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

