হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ করবী মান্নার সমর্থনে
রাখী সাহা : হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ করবী মান্নার সমর্থনে নালিকুল সাহাপুর মাঠে আজ এক বিশাল জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ করবী মান্না, সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না, চন্ডীতলার প্রার্থী স্বাথী খন্দকার , আরামবাগের সাংসদ মিতালী বাগসহ অন্যান্যরা ।
বিজেপি আলুচাষীদের নিয়ে খেলা করছে বলে মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের চাষীরা আলুর দাম পায় না । আমরা এখানে কুইন্টাল প্রতি দাম বাড়িয়েছি ৯৫০টাকা। আমাদের এখানে ৩০ লক্ষ কুইন্টাল আলু রাখার কোল্ড স্টোরেজের ব্যবস্থা রয়েছে। আই সি ডি এস , মা ক্যান্টিন, সুফল বাংলায় আমরা আলু কিনি। বাইরেও আলু পাঠানো হয়। এখানে চাষীদের ‘ক্রপ ইনসিওরেন্স’ এর ব্যবস্থা আছে ।কোন কারণে চাষীদের ফসল নষ্ট হলে তারা ক্ষতিপূরণ পান। আলুচাষীদের জন্যও এই ব্যবস্থা আছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের বিজেপি সবকারকে কটাক্ষ করে বলেন, এরা পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী আক্রমণ ঠেকাতে পারে না, আর বেঙ্গলে ইলেকশন করানোর জন্য মিলিটারি , সাঁজোয়া গাড়ি সব নিয়ে চলে এসেছেন। ‘ইলেকশন ইস ফেস্টিভাল অফ ডেমোক্রেসি’ মানুষ তার ভোট দিতে যাবে, আর এখানে তোমার সাঁজোয়া গাড়ি নিয়ে চলে এসেছো ? দিল্লি থেকে নেতারা আবার এ রাজ্যে যাতায়াত শুরু করেছে, সঙ্গে ইডি, সিবিআই ।
ধর্ম নিয়ে সবসময় রাজনীতি করে বিজেপি। আমরা এখানে জয়রামবাটী , কামারপুকুর, মাহেশ জগন্নাথ মন্দির, তারকেশ্বর মন্দির , ফুরফুরা শরীফ, ব্যান্ডেল চার্চ সকল ধর্মস্থানের সংস্কার সাধন করেছি। তিনি এদিন আরও বলেন যে, দিল্লীর জমিদাররা বাংলার প্রতি সবসময় বৈষম্যমূলক আচরন করে থাকেন কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি ।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকল মহিলা সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবে , আগামী দিনে দুয়ারে স্বাস্থ্য হবে, সকল কাঁচা বাড়ি পাকা বাড়ি করা হবে এবং নলবাহিত জল পৌঁছে যাবে।



