রাজ্যে পালাবদলের ছাপ এবার দুর্গাপুজোতেও , পুজোরও হাতবদল , দায়িত্বে বিজেপি
অরূপ সাহা, শ্রীরামপুর:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তার প্রভাব এবার দেখা গেল দুর্গাপুজোর আয়োজনেও। শ্রীরামপুরের আর এম এস ময়দানে দীর্ঘদিনের বিগ বাজেটের দুর্গাপুজোর পর এবার নেতাজী মোড়ের দুর্গাপুজোর দায়িত্বও বিজেপির হাতে এসেছে। ফলে রাজনৈতিক মহলের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে নেতাজী মোড়ে আসন্ন দুর্গাপুজোর খুঁটিপুজো সম্পন্ন হয় বিজেপি নেতা পরাগতরু মিত্রের উদ্যোগে। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন এলাকার মহিলারা এবং উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও।
জানা যায়, প্রায় আট বছর আগে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগের হাত ধরে এই দুর্গাপুজোর সূচনা হয়। এলাকার পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে শুরু হওয়া এই পুজো অল্প সময়ের মধ্যেই জাঁকজমকপূর্ণ আয়োজন, আকর্ষণীয় মণ্ডপ এবং নিত্যনতুন ভাবনার জন্য পরিচিতি লাভ করে। প্রতিবছরই দর্শকদের জন্য থাকত বিশেষ আকর্ষণ, যা এই পুজোকে এলাকার অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত করেছে।

এবার রাজনৈতিক পালাবদলের পর নতুন কমিটির হাতে পুজোর দায়িত্ব আসায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। নতুন আয়োজকরা কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেন এবং দর্শকদের জন্য কী নতুন চমক অপেক্ষা করছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। যদিও উদ্যোক্তাদের বক্তব্য, চমক নয়, সুষ্ঠু ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো আয়োজন করাই তাঁদের প্রধান লক্ষ্য।
পুজোর প্রধান উদ্যোক্তা পরাগতরু মিত্র বলেন, “মায়ের আশীর্বাদ ও ইচ্ছাতেই আমরা এ বছর এই পুজোর দায়িত্ব পেয়েছি। এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন করার চেষ্টা করব। এই পুজো সকলের, তাই সকলের সহযোগিতাতেই আমরা এগিয়ে যেতে চাই।”

রাজনৈতিক পরিবর্তনের আবহে শ্রীরামপুরের দুর্গাপুজোর এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কতটা সাড়া ফেলে, সেদিকেই এখন নজর এলাকার মানুষের।
