সাংবাদিকদের জলসত্রে উপস্থিত মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য্য
অরূপ সাহা
সাংবাদিকরা সারা বছর ঝড় , জল , বৃষ্টি , বন্যা সবকিছুকে উপেক্ষা করে সমাজের ভালো- মন্দ, অন্যায় – অত্যাচার , অপরাধের খবরকে সকলের সামনে তুলে ধরতে সর্বত্র বুম হাতে দৌড়ে বেড়ান জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । কিন্তু এদিন তাদেরই দেখা গেলো অন্য ভূমিকায়। মানব সেবায় এগিয়ে এসে সাংবাদিক সমিত সিনহা , ধনঞ্জয় পান্ডে , জয় চৌধুরী, প্রসেনজিৎ চক্রবর্তীদের উদ্যোগে রিষড়ার বাগখালে তারকেশ্বর যাত্রীদের হাতে তুলে দেওয়া হলো লুচি , আলুরদম, খিচুড়ি, বোঁদে , লাড্ডু, চা , জল , গরম গরম জিলিবি প্রভৃতি। তাদের সহযোগীতায় এগিয়ে আসেন জেলার বহু সাংবাদিক।

এদিনের সেবা শিবিরে জলযাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তারকেশ্বরের জলযাত্রীদের হাতে খাবার ও জল তুলে দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য্য। তিনি সাংবাদিকদের এই ধরনের কাজের ভূয়সী প্রশংসা করেন । মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ, উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি নেতা কবীর শঙ্কর বোস, রিষড়ার প্রাক্তন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রা, রিষড়া থানার ও সি পরমেশ্বর প্রামাণিক,কাউন্সিলর শশী সিং, মনোজ সিংসহ বহু বিশিষ্ট ব্যাক্তি।

উদ্যোক্তারা বলেন , আমরা সারা বছর খবরের তাগিদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই । আজ এভাবে তারকেশ্বরের জলযাত্রীদের সেবা প্রদান করতে পেরে আমরা খুশি। ভবিষ্যতেও আমরা খবর করার পাশাপাশি এভাবেই মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ খালি পায়ে হেঁটে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটসহ অন্যান্য ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে খালি পায়ে তারকেশ্বরে যান বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ।

Follow us : facebook page/ newspaper/ website
