দুর্গাপুজোয় মানবসেবার অনন্য উদ্যোগ, নতুন বস্ত্র উপহার পেলেন শত শত শিশু ও অসহায় মানুষ
অরূপ সাহা
দীর্ঘ ১০৫ বছরের ঐতিহ্য ও মানবসেবার পরম্পরা বজায় রেখে এ বছরও দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল শ্রীরামপুর আর্ত সেবা সমিতি আশ্রম। গত ১২ অক্টোবর, রবিবার, আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান, আশ্রম ও এলাকার শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী।

আশ্রম সূত্রে জানা গিয়েছে, মানবিক, চাইল্ড গাইডেন্স সেন্টার, চেশায়ার হোম, শেওড়াফুলি গোরাবাগান, শ্রমজীবী হাসপাতাল, ভারত সেবাশ্রম সংঘ, রিষড়া প্রেম মন্দির আশ্রম ও মা মিশন হুগলি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসিক ও এলাকার শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হয়। মোট ৩৮০ জনের হাতে তুলে দেওয়া হয় শার্ট, প্যান্ট, চুড়িদার, ফ্রক-সহ নানা ধরনের নতুন পোশাক। পাশাপাশি, মেয়েদের ব্যক্তিগত বিশেষ প্রয়োজনের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়। এ ছাড়াও ৩৭৮ জনের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন সম্মানীয় মন্ত্রী ও বিধায়ক শ্রী ভাস্কর ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত আইআরএস আধিকারিক শ্রী দেবনাথ মুখোপাধ্যায়, ড. অম্লান চ্যাটার্জি-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

দুর্গোৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে শ্রীরামপুর আর্ত সেবা সমিতি আশ্রমের এই মানবিক প্রয়াস শুধু বস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা, সহমর্মিতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে আবারও মানবসেবার বার্তা তুলে ধরল শ্রীরামপুর আর্ত সেবা সমিতি আশ্রম।


ফলো করুন: খবরের কাগজ/ফেসবুক পেজ/ওয়েবসাইট



