দেশে বছরে ১৫ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসার উপর জোর চিকিৎসকদের
অরূপ সাহা
ডানকুনি: ক্যান্সারের মতো মারণরোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে চিকিৎসা সংক্রান্ত সঠিক পরামর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডানকুনিতে উদ্বোধন হল বেঙ্গল ক্যান্সার সেন্টার এবং মোবাইল ক্যান্সার অ্যাওয়ারনেস ইউনিটের। ক্যান্সার সম্পর্কে ভীতি ও ভুল ধারণা দূর করা, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং আক্রান্তদের উপযুক্ত চিকিৎসার দিশা দেখানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ক্যান্সারের ক্রমবর্ধমান পরিসংখ্যানও এই উদ্যোগের গুরুত্বকে সামনে এনে দিয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সংসদে পেশ করা তথ্য অনুযায়ী, ICMR-এর ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রামের হিসাব অনুসারে, ২০২৪ সালে দেশে আনুমানিক ১৫ লক্ষ ৩৩ হাজার ৫৫ জন নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল প্রায় ১৩ লক্ষ ৫৮ হাজার। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ২০২৪ সালে আনুমানিক নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ৯১০। পরিসংখ্যানই স্পষ্ট করছে, ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ রামানুজ ঘোষ, ডাঃ কাজী সাজ্জাদ মনির , ডাঃ অর্ণব রায় এবং ডাঃ মৌনাক মাইতি বলেন, ক্যান্সার মানেই আর অনিবার্য মৃত্যু নয়। সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে এবং উপযুক্ত চিকিৎসা শুরু হলে বহু ধরনের ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই শরীরে অস্বাভাবিক কোনও পরিবর্তন বা রোগের লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের মতে, ক্যান্সার আক্রান্ত হওয়ার পর অনেকেই বুঝতে পারেন না যে কোথায় গেলে সঠিক চিকিৎসা মিলবে, কোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কিংবা চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে। বিশেষ করে প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষের ক্ষেত্রে এই সমস্যাগুলি অত্যন্ত প্রকট।
এই পরিস্থিতিতে বেঙ্গল ক্যান্সার সেন্টারের মাধ্যমে রোগীদের রোগ নির্ণয়, চিকিৎসার উপযুক্ত পথ নির্বাচন এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ক্যান্সার অ্যাওয়ারনেস ইউনিট হাওড়া ও হুগলীর শহর থেকে গ্ৰাম বিভিন্ন এলাকায় পৌঁছে সেখানকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবে।

চিকিৎসকদের আশা, এই উদ্যোগের ফলে ক্যান্সার সম্পর্কে মানুষের ভীতি কমবে, বাড়বে সচেতনতা এবং আরও বেশি মানুষ সময়মতো চিকিৎসার আওতায় আসতে পারবেন।
follow us: facebook page/website/Newspaper
