পিপুলপাতির ডি আই মাঠে বিজেপির উদ্যোগে বিশাল সমাবেশ, বাইক র্যালিতে যোগ হাজারো কর্মী-সমর্থকের
অরূপ সাহা: হুগলি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি সুশাসন ও জনসেবার ২৫ বছর পূর্তি উদযাপন এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্পকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়ে গেলো ‘সেবা জ্যোতি যাত্রা ও বিকশিত ভারত সংকল্প যাত্রা’। এই উপলক্ষে হুগলি জেলার পিপুলপাতির ডি আই মাঠে আয়োজিত হয় এক বিশাল সমাবেশ।

জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজেপির শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ—এই তিন সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার যাদব, রাজ্যের দুই প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও সুমনা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির একাধিক বিধায়ক, তিন সাংগঠনিক জেলার সভাপতি, প্রশাসনিক আধিকারিকবৃন্দ এবং বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ছিল চোখে পড়ার মতো । সভার আগে বিজেপির তিন সাংগঠনিক জেলা থেকেই বাইক র্যালি করে কর্মী-সমর্থকেরা সমাবেশস্থলে এসে পৌঁছন। হুগলি সাংগঠনিক জেলার যুব সভাপতি সম্বুদ্ধ দত্তের উদ্যোগে প্রায় ২,০০০ কর্মী-সমর্থক বাইক র্যালিতে অংশ নেন বলে সূত্রের খবর।

বাইক র্যালি করে পিপুলপাতির ডি আই মাঠে জমায়েত হন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা। সমাবেশস্থলে লাগানো জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার করা হয়। কর্মসূচিতে ‘সুশাসন’, ‘জনসেবা’ এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি তুলে ধরা হয়।

দলীয় নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়াই এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। সমাবেশকে কেন্দ্র করে পিপুলপাতি এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।


f follow us – Newspaper/Website/facebook page
